Published : 05 Mar 2026, 03:24 PM
ঝালকাঠির নলছিটিতে দুইজনকে কুপিয়ে জখম করার অভিযোগে এক যুবককে ধরে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুরে নলছিটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আশ্রাফ আলী।
নিহত মিলন হাওলাদার (২৮) একই এলাকার সেলিম হাওলাদারের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার মিলন স্থানীয় রিপন হাওলাদারের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে পালিয়ে যায়। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও তখন মিলনকে আটক করতে পারেনি।
পরে বৃহস্পতিবার সকালে মিলন এলাকায় এসে রিপন হাওলাদার ও বিল্লাল হাওলাদারকে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মিলনকে আটক করে পিটুনি দেয়। এতে তার বাম পায়ের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকেও বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিদর্শক (তদন্ত) আশ্রাফ আলী বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।