১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাটে অনিয়ম নেই, ১ কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদ মন্ত্রী

“কোরবানিকে ঘিরে আমাদের অর্থনীতিতে যে বিশাল জোয়ার ও টাকা সঞ্চালিত হয়, তা মূলত সারাদেশের প্রান্তিক মানুষের উপকারেই আসে।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 02:58 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

এবারের কোরবানির ঈদের পশুর হাট তুলনামূলকভাবে নিরাপদ বলে দাবি করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ।

একেবারে প্রান্তিক চাষি থেকে শুরু করে ক্রেতা পর্যন্ত কোরবানির পশুর ক্রয়-বিক্রয় যেন সম্পূর্ণ নিরাপদ হয়, সে জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, এবার সারাদেশে প্রায় ১ কোটি পশু কোরবানির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকালে কুমিল্লা নগরীর নেউরা কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রাণিসম্পদ মন্ত্রী।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামসুল ইসলাম, কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ জেলা প্রাণিসম্পদ কার্যালয় ও প্রশাসনের কর্মকর্তারা এ সময় মন্ত্রীর সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন।

মন্ত্রী আমিনুর রশিদ বলেন, “এখনও পর্যন্ত কোথাও থেকে কোনো ধরনের নিরাপত্তাহীনতা বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। এবারের বাজারে অবৈধভাবে আসা পশুও চোখে পড়েনি।

“আমরা বাজারগুলোতে ভেটেরিনারি টিম, জাল টাকা প্রতিরোধ এবং চাঁদাবাজি রোধে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নিশ্চিত করেছি।”

কোরবানির পশুর বাজার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, “ঈদের বাজার মাত্র শুরু হয়েছে। এবার সারাদেশে প্রায় ১ কোটি পশু কোরবানির সম্ভাবনা রয়েছে।

“কোরবানিকে ঘিরে আমাদের অর্থনীতিতে যে বিশাল জোয়ার ও টাকা সঞ্চালিত হয়, তা মূলত সারাদেশের প্রান্তিক মানুষের উপকারেই আসে।”

এ সময় মন্ত্রী নিজেই ভেটেরিনারি টিমের মাইকে ঘোষণা দেন, “পশু কেনাবেচায় কারো কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে এই বুথ থেকে সহযোগিতা নিতে পারবেন।”

এছাড়াও তিনি বিভিন্ন স্টলে গিয়ে পশু ক্রেতা-বিক্রেতাদের খোঁজখবর নেন।

এবার গরু ও ছাগলের দাম ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই সন্তোষজনক বলে মন্তব্যও করেছেন প্রাণিসম্পদ মন্ত্রী ।