১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাসপাতালে মজুত স্যালাইনও রোগীকে না দেওয়ার অভিযোগ পেলেন স্বাস্থ্যমন্ত্রী

নওগাঁ হাসপাতাল পরিদর্শনে গিয়ে এক চিকিৎসককে অনুপস্থিত পাওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 09:52 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

নওগাঁ সদর হাসপাতালে সরকারি স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীদের তা দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে রোগী ও স্বজনদের কাছ থেকে এ অভিযোগ পান তিনি। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে সতর্ক করেন মন্ত্রী।

এ সময় চিকিৎসক দ্বীন মোহাম্মদ সোহেলকে হাসপাতালে অনুপস্থিত পাওয়া যায়। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ফার্মেসি, রান্নাঘর ও শৌচাগার ঘুরে দেখেন। তিনি রোগীদের সঙ্গেও কথা বলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হাসপাতালে সরকারি স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীদের দেওয়া হচ্ছিল না। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।”

দেশের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার প্রসঙ্গে তিনি বলেন, “দেশে বিগত ১৭ বছরে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল গড়ে উঠেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কাগজপত্রহীন এসব প্রতিষ্ঠান বন্ধ করা শুরু করেছে। এ ছাড়া সারাদেশে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সেবার মান উন্নয়নে অনিয়ম পাওয়া গেলে জরিমানা করা হচ্ছে।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “অল্প সময়ের মধ্যেই দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে এবং জেলা সদর হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে। এতে জেলা পর্যায়ের রোগীদের এসব সেবার জন্য ঢাকায় যেতে হবে না।”

এ ছাড়া তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও জানান তিনি। 

এ সময় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, হাসপাতালের তত্ত্বাবধায়ক আখতারুজ্জামান, সিভিল সার্জন মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।