ভূমি সেবা নিয়ে ১০০ জনের মধ্যে একশ জনেরই অভিযোগ আছে: মন্ত্রী
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় খাল খনন কর্মসূচিতে এসে মিজানুর রহমান মিনু একথা বলেন।
সারাদেশের ভূমি সেবার চিত্র তুলে ধরে মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, এ খাতে ১০০ জনের মধ্যে একশ জনেরই অভিযোগ রয়েছে।
এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলেন, “ভূমি বিষয়ে এখানকার ১০০ জনের মধ্যে একশ জনেরই অভিযোগ রয়েছে। আমি খোলামেলা কিছু বলব না। কিন্তু, আমি সাধারণ মানুষের জন্য কিছু করব।
“আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব। কোনো অনিয়ম-দুর্নীতি যাতে না থাকে সেজন্য আমরা কাজ করছি এবং যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
সোমবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিল লতা খালের বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত ১২০০ মিটার খনন কাজের উদ্বোধন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি) প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে এই খাল খনন কাজের বাস্তবায়ন করছে।
সারাদেশে খাল খননের মাধ্যমে রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্ভিক্ষপূর্ণ অবস্থা থেকে দেশকে শস্য-শ্যামলা বাংলাদেশে পরিণত করেছিলেন এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন বলে ভূমিমন্ত্রী বলেন। তিনি বলেন, “খাদ্যের যে চাহিদা সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। সেই লক্ষ্যেই সারাদেশে খাল খননের মাধ্যমে নাব্য ফিরিয়ে আনা হবে।”
নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
