১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিএসএফের ঠেলে পাঠানো নারীর দাবি, ‘আমি ভারতীয়’

নারী ও তার শিশুকে চট্টগ্রাম বিভাগের কোনো এক সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2026, 06:29 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

‘ভারতের নাগরিক’ দাবি করা এক নারী অভিযোগ করেছেন, বাংলাদেশি সন্দেহে তাকে ও তার শিশু সন্তানকে চট্টগ্রাম বিভাগের এক সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে।

শুক্রবার বিকালে চট্টগ্রাম থেকে বেনাপোল চেকপোস্টে এসে ভারতে ফেরার চেষ্টা করেন ওই নারী। 

সেখানে তাকে ঘোরাফেরা করতে দেখে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের পরিচয় দেন।

ওই নারী বলেন, তার নাম রেশমা বিবি। তার বাড়ি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পাকুর জেলার মহেশপুর থানার খাগড়া গ্রামে। তার স্বামীর নাম রাজু শেখ, বাবার নাম বুলু শেখ। তিনি তিন সন্তানের মা।

পরে বিজিবি তাকে আটক করে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে রেশমা ও তার সঙ্গে থাকা শিশু সন্তানকে বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, “নারী ও তার শিশুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। রোববার তাদের যশোর আদালতে পাঠানো হবে।”

রেশমার ভাষ্য, কাজের খোঁজে তিনি মুম্বাই গিয়েছিলেন। সেখানে পুলিশ তাকে আটক করে। তিনি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিলেও তা আমলে নেওয়া হয়নি। 

পরে আরও কয়েকজনের সঙ্গে তাকে বিমানে কলকাতায় নেওয়া হয়। সেখান থেকে গভীর রাতে চট্টগ্রাম বিভাগের কোনো এক সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

রেশমার দাবি, ভারতে তার স্বামী ও তিন সন্তান রয়েছেন। বাংলাদেশে তার কোনো পরিচিত আত্মীয়-স্বজন না থাকায় তিনি বিপাকে পড়েন। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় বাসে করে বেনাপোলে পৌঁছান।

মানবাধিকার সংগঠন ‘রাইটস যশোর’-এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, মা ও শিশুটির পরিচয় যাচাই করে তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজ দেশে ফেরানোর ব্যবস্থা করা উচিত।