কৌটা ভেবে পরিত্যক্ত বোমা নিয়ে দুই শিশুর খেলা, বিস্ফোরণে আহত
ধর্মতলা খোলাডাঙ্গা গ্রামের গাজীপাড়ার কামগাজিতে এ ঘটনা ঘটে বলে যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান।
যশোর সদর উপজেলায় কৌটা ভেবে পরিত্যক্ত বোমা নিয়ে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার ধর্মতলা খোলাডাঙ্গা গ্রামের গাজীপাড়ার কামগাজিতে এ ঘটনা ঘটে বলে যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান।
আহত শিশুরা হচ্ছে ধর্মতলা খোলাডাঙ্গা কাজীপাড়ার রাজিব খানের ছেলে রেজওয়ান (৭) এবং ইয়াসিনের ছেলে ইসমাইল ওরফে সিয়াম (৪)।
পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, দুই শিশু পুকুরপাড়ে খেলা করছিল। এ সময় তারা সেখানে কৌটা সাদৃশ্য বস্তু দেখে সেটি তোলে নিয়ে নাড়াচাড়া ও খেলা শুরু করে।
এক পর্যায়ে কৌটাটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং দুই শিশু গুরুতর আহত হয়। লোকজন তাদের চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাহুল দেব ঘোষ বলেন, “শিশুদের অবস্থা খারাপ। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”
