২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

বরিশালে দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

বরিশালের বাকেরগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছে; আহত হয়েছেন আরও একজন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2016, 05:32 PM

Updated : 20 Aug 2022, 01:19 PM

শনিবার দুপুরে বরিশাল-পটুয়াখালী সড়কের বাকেরগঞ্জ ইসলামিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম জানান।

নিহত ইরাম রহমান (১৭) বরিশাল সরকারি হাতেম আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার বাবা আনিসুর রহমান দুলাল নগরীর ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

আহত ওই ব্যক্তির নাম জানাতে পারেনি পুলিশ।

এসআই সিরাজুল বলেন, দুপুরে ইসলামিয়া কলেজ এলাকায় এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইরাম নিহত হয়। এতে আহত হন তার সাথে থাকা আরও একজন।

“কীভাবে এ সংঘর্ষে হয়েছে তা জানা যায় নি।”

পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়েছে বলে জানান তিনি।