ইউপি নির্বাচন: বরিশালে সংঘর্ষ, মাইক ভাংচুর
বরিশালে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও মাইক ভাংচুরের দুটি ঘটনা ঘটেছে। ওই দুই ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
শুক্রবার দুপুর ও বিকালে সদর উপজেলার চরবাড়িয়া এবং বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে ঘটনাগুলো ঘটে।
বাকেরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়েন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জহিরুল হক তালুকদার ও জাতীয় পার্টির রফিকুল ইসলামের সমর্থকরা।
“বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে আহত দুইজনকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”
এ ঘটনায় দুইজনকে আটকের খবর দিলেও ওসি তাদের নাম বলেননি।
অপরদিকে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে বিএনপির প্রার্থী জিয়াউল ইসলাম সাবুর প্রচারমাইক ও অটোরিকশা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
বিএনপির প্রার্থীর অভিযোগ, বিকাল সাড়ে ৩টার দিকে একটি অটোরিকশায় করে মধ্যচরবাড়িয়া এলাকায় প্রচার চালাচ্ছিলেন তার কর্মী মাসুদ, শুক্কুর ও ফিরোজ।
“এ সময় আওয়ামী লীগের প্রার্থী মাহতাব হোসেনের ভাই কবির হোসেনের নেতৃত্ব অটোরিকশা ও প্রচারমাইক ভাংচুর এবং কর্মীদের মারধর করা হয়।”
তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী মাহতাব হোসেন বলেন, তারা ওই ঘটনায় জড়িত নন।
বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি সেলিম রেজা জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।
