মহেশপুর থানার দুই এসআইয়ের বিরুদ্ধে মামলা
এক যুবককে অপহরণ, চাঁদাবাজি ও হত্যা চেষ্টার অভিযোগে ঝিনাইদহের মহেশপুর থানার দুই এসআইয়ের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জীবননগর আমলী আদালতে ওই যুবকের মা বেদেনা খাতুন বাদী হয়ে এ মামলা করেন।
আদালতের বিচারক মুখ্য বিচারিক হাকিম ড. এবিএম মাহমুদুল হক মামলাটি আমলে নিয়ে জুডিসিয়াল তদন্তের নির্দেশ দেন বলে বাদী পক্ষের আইনজীবী এস এম সাইদুজ্জামান গনি জানান।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্দুল হালিম মামলাটি তদন্ত করবেন বলে জানান তিনি।
মামলার আসামিরা হলেন মহেশপুর থানার এসআই হাফিজ ও শাহিন।
মামলার বরাত দিয়ে বাদী পক্ষের আইনজীবী জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ গ্রাম থেকে মোশারেফ হোসেন নামের ওই যুবককে গত ৪ জানুয়ারি বিকালে মহেশপুর থানার এসআই হাফিজ সাদা পোশাকে ফোর্স নিয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।
“পরে এসআই হাফিজ তার পরিবারের কাছে মোবাইল ফোনে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। পরিবার টাকা দিতে অপারগতা জানালে থানায় আটকে রেখে মোশারেফকে শারীরিক নির্যাতন করে। আদালতে হাজির না করে অর্থ নিয়ে তার পরিবারের সঙ্গে দরকষাকষি করতে থাকে।”
এক পর্যায়ে ৫ জানুয়ারি রাতে মোশারেফের মা বেদেনা খাতুন থানায় গিয়ে এসআই হাফিজের সঙ্গে দেখা করে ৭০ হাজার টাকা দিয়ে ছেলেকে মুক্ত করে আনেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ওই দিন রাতে মোশারেফকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান বেদেনা খাতুনের এ আইনজীবী।
