চুয়াডাঙ্গায় বোমায় আহত আরেকজনের মৃত্যু, গ্রেপ্তার ১
চুয়াডাঙ্গার জীবননগরে বোমা হামলায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে; এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে।
নিহত শাহবুদ্দিন উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। সোমবার সন্ধ্যায় গঙ্গাদাসপুর গ্রামে বোমা হামলায় তিনি আহত হয়েছিলেন। ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন মোহাম্মদ আলী নামে আরেকজন।
হামলার ঘটনায় ওই গ্রামের মালেক মোল্লার ছেলে রেজাউল গোলদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহবুদ্দিনের স্ত্রী মালেকা বেগম (৫০) ও মোমিনুল হোসেন নামে আরেক যুবক হামলার ঘটনায় আহত হন। তারা যশোর মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
ওসি হুমায়ুন বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে বসে ছিলেন মোহাম্মদ আলীসহ কয়েকজন। এ সময় হামলাকারীরা সেখানে ৩/৪টি বোমা ছুড়ে মারে।
জমি নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে স্থানীয়রা ধারণা করলেও পুলিশ এখনও এ বিষয়ে নিশ্চিত নয়।
