Published : 23 Feb 2023, 09:04 PM
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ নিয়ে ফোনালাপ ফাঁস হওয়ার পর আন্দোলনের মধ্যে উপাচার্যের ব্যক্তিগত সহকারীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আইয়ূব আলীকে অব্যাহতি দেওয়া হয় বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান জানিয়েছেন।
তবে আইয়ূব আলীকে অব্যাহতি দেওয়ার কোনো কারণ জানানো হয়নি।
উপাচার্যের ‘কণ্ঠের মতো’ একজনের সঙ্গে কথা বলার একাধিক অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক সপ্তাহ আগে। ওই অডিওতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ বিষয়ে কথাবার্তা রয়েছে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, “ভিসি স্যার গতরাতে (বুধবার) আমাকে ডেকেছিলেন; কিন্তু শরীর খারাপ থাকায় যেতে পারিনি। তাই বৃহস্পতিবার সকালে এসে অব্যাহতির আদেশপত্র প্রস্তুত করে দিয়েছি। এখানে ভিসি স্যার শুধু তাকে অব্যাহতি দেওয়ার কথা বলেছেন। কোনো কারণ জানাননি।”
একটি ছাত্রীহলে নবাগত এক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় তোলপাড়ের মধ্যে এই অডিও ফাঁসের ঘটনা ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আরও অস্থির হয়ে উঠেছে।
অডিও ফাঁস হওয়ার পর গত সোমবার থেকে পিএস আইয়ূব আলীকে অপসারণের দাবিতে আন্দোলন করছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। আইয়ূব আলীর কার্যালয় ভাঙচুর এবং তাকে মারধরের ঘটনাও ঘটে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার ‘ফারাহ জেবিন’ ও ‘মিসেস সালাম’ নামের দুটি ফেইসবুক আইডি থেকে পাঁচটি ফোনালাপের অডিও ছড়িয়ে পড়ে। এরপর রোববার ও সোমবার আল’বিদা ফেইসবুক আইডি থেকে আরও দুটি অডিও ফাঁস হয়েছে।
সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ‘কণ্ঠের মতো’ একজনকে কথা বলতে শোনা গেছে। অডিওগুলোতে কথোপকথনকারীরা টাকার বিনিময়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ, নিয়োগ বোর্ড গঠন, প্রশ্নপত্র ফাঁস ইত্যাদি বিষয়ে কথা বলেন।
এ ঘটনায় শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইবি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
তবে এসব ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম।
এ ঘটনার পর গত সোমবার থেকে দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলন চালিয়ে আসছেন ‘বিশ্ববিদ্যালয় অস্থায়ী কর্মচারী পরিষদ, নামের একটি সংগঠনের ব্যানারে। এ সংগঠনের নেতৃত্বে সবাই ইবির সাবেক ছাত্রলীগ নেতাকর্মী। বৃহস্পতিবার ৪র্থ দিনের মতো আন্দেলন করেন তারা।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইবি প্রক্টরিয়াল বডির নির্দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করলেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ।
বুধবার সকাল ৯টা থেকে আনোলনকারীরা উপাচার্যের কার্যালয়ের সামনে তাদের ঐক্যবদ্ধ হয়ে নানা শ্লোগান দেন।
পরে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন ‘অস্থায়ী চাকরিজীবী পরিষদের’ সভাপতি মিজানুর রহমান টিটু ও সাধারণ সম্পাদক রাসেল জোয়ার্দার।
এ দুইজনের নেতৃত্বে প্রায় ৩৫ জন অস্থায়ী কর্মচারী এই আন্দোলন চালিয়ে আসছেন।