১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে হেরোইনসহ ট্রাক চালক ও সহকারী গ্রেপ্তার

অভিযানকালে ২৩৭ গ্রাম হেরোইন, একটি ট্রাক, দুইটি মোবাইল ফোন ও ৪ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 02:24 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

সিরাজগঞ্জে মহাসড়কে র‌্যাবের অভিযানে ২৩৭ গ্রাম হেরোইনসহ একটি ট্রাকের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার রাত সাড়ে ১০টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার ভেংড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১২ এর সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। 

গ্রেপ্তাররা হলেন, রাজশাহীর কাশিয়াডাঙ্গা উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ট্রাক চালক রবিউল ইসলাম (৫৫) এবং গোদাগাড়ী উপজেলার মাদারিপুর গ্রামের ছমিরুদ্দিন শাহের ছেলে ট্রাকের হেলপার বাবুল শাহ্ (৬০)। 

বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর স্বাক্ষরিত র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা দীর্ঘদিন যাবত ট্রাক চালানোর পাশাপাশি হেরোইন বহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানকালে ২৩৭ গ্রাম হেরোইন, একটি ট্রাক, দুইটি মোবাইল ফোন ও ৪ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। 

এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা।