২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে মেয়াদ উত্তীর্ণ ৪ লাখ টাকার ওষুধ জব্দ, জরিমানা

“দুই দিনের মধ্যে তিনি ওষুধ সরিয়ে ফেলবেন বলে মুচলেকা দিয়েছেন।”

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2025, 05:19 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

খাগড়াছড়ির রামগড়ে একটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং চার লাখ টাকার ওষুধ জব্দ করা হয়েছে। 

একই সঙ্গে মালিককে তার ফার্মেসি দুইদিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলার রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে শুক্রবার সকাল ১০টা থেকে দুই ঘণ্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

তিনি বলেন, “জননী মেডিকেলের মালিক নুরু হোসেন তার ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করছে অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ফার্মেসি থেকে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন, ইন্সুলিন ও অ্যান্টিবায়োটিকসহ প্রায় চার লাখ টাকার বিভিন্ন ওষুধ জব্দ করা হয়।”

নুরু হোসেনকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনের ২০১৯ এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে জানিয়ে ইউএনও বলেন, “দুই দিনের মধ্যে তিনি ওষুধ সরিয়ে ফেলবেন বলে মুচলেকা দিয়েছেন।”

অভিযানে রামগড়ে উপজেলা খাদ্য কর্মকর্তা জুলিয়াছ, উপজেলা কৃষি বিপনন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা সেনেটারি ইনসপেক্টর রনি ত্রিপুরা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রুবায়েত হোসেন ও বাজার পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।