২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাংবাদিকদের উপর হামলা-গুলির প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

৩ ফেব্রুয়ারি কাজে যাওয়ার পথে সদর উপজেলার গণশ্যামপুর এলাকায় চার সাংবাদিকের ওপর মুখোশধারীরা হামলা চালায়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2025, 01:52 PM

Updated : 26 Aug 2026, 11:45 AM

লক্ষ্মীপুরসহ সারাদেশে পেশাগত কাজ করার সময় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। 

বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের আয়োজনে উত্তর তেমুহনী এলাকায় এ আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসেন আহমেদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, কামাল উদ্দিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, সাইফুল ইসলাম স্বপন, লক্ষ্মীপুর টেলিভিশন ফোরামের সদস্যসচিব আনিস কবির, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল নুর।

মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। 

৩ ফেব্রুয়ারি বিকালে পেশাগত কাজে যাওয়ার পথে সদর উপজেলার গণশ্যামপুর এলাকায় সাংবাদিক রফিকুল ইসলাম, মো. আলাউদ্দিন, আব্দুল মালেক নিরব ও ফয়সাল মাহমুদের ওপর মুখোশধারীরা হামলা চালায়। একপর্যায়ে তাদেরকে গুলি করলে তা লক্ষ্যচ্যুত হয়।

বক্তারা বলেন, সারাদেশে পেশাগত কাজে বাধাসহ সাংবাদিকদের ওপর একের পর এক হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটছে। ৩ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের চার সাংবাদিকের ওপর হামলা করা হয়। একপর্যায়ে তাদেরকে হত্যার উদ্দেশে গুলি করা হয়েছে। গুলি লক্ষ্যচ্যুত হওয়ায় তারা বেঁচে গেছেন। দ্রুত সময়ের মধ্যে এ হামলার সঙ্গে জড়িত সব অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। 

চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।