১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জামালপুরে ইউপি সদস্যকে ঘর থেকে টেনে বের করে কুপিয়ে হত্যা

নিহত আব্দুর রহিম খন্দকার কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন।

জামালপুরে ইউপি সদস্যকে ঘর থেকে টেনে বের করে কুপিয়ে হত্যা
পুলিশ নিহত আব্দুর রহিম খন্দকারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2025, 02:41 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

জামালপুরের ইসলামপুরে এক ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতাকে নিজ ঘর থেকে টেনে বের করে কুপিয়ে হত্যা করা হয়েছে।  

শনিবার মধ্যরাতে উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছ্নে ইসলামপুর থানার ওসি আ ফ ম আতিকুর রহমান। 

নিহত আব্দুর রহিম খন্দকার (৪৫) ওই গ্রামের তয়বুর খন্দকারের ছেলে। তিনি কুলকান্দি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। 

নিহত আব্দুর রহিমের ভাতিজা শরিফ খন্দকার বলেন, “গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর লোক পরিচয় দিয়ে চাচার বাড়ির দরজা খুলতে বলে দুর্বৃত্তরা। দরজা না খুললে বারবার দরজায় আঘাত করতে থাকে তারা।

“একপর্যায়ে চাচা দরজা খুলে দিলে তাকে টেনে উঠানে বের করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।”

কুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, “আব্দুর রহিম খন্দকার ১ নম্বর ওয়ার্ড (জিগাতলা) থেকে দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কিন্তু দুর্বৃত্তরা কেনো তাকে খুন করেছে এ নিয়ে রহস্য রয়েছে।”

এ হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনারও দাবি জানান চেয়ারম্যান। 

ওসি আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

এ ঘটনায় ইসলামপুর থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।