নেত্রকোণায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ১
নেত্রকোণা সদর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোণায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা খেয়ে এক আরোহীর প্রাণ গেছে।
সোমবার সকালে নেত্রকোণা সদর উপজেলার নেত্রকোণা-কেন্দুয়া সড়কের মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের জানান।
নিহত ৪২ বছর বয়সী ফারুক আহমেদ ভুইয়া ওরফে পারুল ভুইয়া কেন্দুয়া পৌর শহরের চন্দ্রগাতী গ্রামের জমুর উদ্দিন ভুঁইয়ার ছেলে।
ওসি আবুল খায়ের বলেন, “ফারুক আহমেদ নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে সদরে যাচ্ছিলেন। পথে মদনপুর বাজারের পুরাতন সোনালী ব্যাংকের মোবাইল টাওয়ার সংলগ্ন এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাকা দেয়ালের সঙ্গে ধাক্কা খায়।
“গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
