Published : 04 Jun 2026, 12:24 PM
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় দশ বছরের এক শিশুর প্রাণ গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে তার বড় বোন।
নবাবগঞ্জ থানার এসআই সাজেদুল ইসলাম বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সকালে ভাদুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলামিন ভাদুরিয়া এলাকার শামিমের সন্তান।
আহত শিশুর নাম সুমনা; বয়স ১২ বছর। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই সাজেদুল বলেন, “দুই ভাইবোন হেঁটে একটি মক্তবে আরবি পড়তে যাচ্ছিল।
“পথে একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আলামিন নিহত হয়।”
ট্রাকসহ চালক পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।