Published : 01 Jul 2025, 01:38 PM
কুষ্টিয়ার মিরপুরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদল নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের ঈদগাঁহর সামনে এই হামলা ও মারপিটের ঘটনা ঘটে বলে জানিয়েছেন মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ।
নিহত জমির উদ্দিন (৪৫) স্থানীয় ওই গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক করা হয়েছে- আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক (২২), নাইম খান (২৪) ও নাঈম আহমেদকে (২৫)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন, সোমবার বিকালে প্রকাশ্যে হাতুড়ি ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ জমির উদ্দিনের ওপর হামলা করে অনিকসহ কয়েকজন। বেদম হাতুড়ি-পিটুনিসহ মারধরে গুরুতর আহত জমির উদ্দিন অচেতন হয়ে পড়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয় ও পরিবারের লোকজন অচেতন জমির উদ্দিনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
স্থানীয় ও নিহতের পরিবারের সদস্যদের দাবি, বছর দেড়েক আগে আওয়ামী লীগ সরকারের সময় ফুটবল খেলার মাঠে হওয়া দ্বন্দ্বের জেরে ছাত্রদল নেতা অনিককে মারধর করেছিলেন জমির উদ্দিন। স্থানীয় একটি চা দোকানে সেই মারধরে হাত ভেঙে গুরুতর আহত হয়েছিলেন অনিক। ক্ষমতার পালাবদলে সেই ঘটনার প্রতিশোধ নিতেই সোমবার জমির উদ্দিনের ওপর এই হামলা চালানো হয়।
এ বিষয়ে জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় বলেন, জমির উদ্দিন আমলা ইউনিয়ন জাসদের সাবেক সহ-সভাপতি ছিলেন। নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, আমরা দ্রুত দোষীদের বিচার ও শাস্তির দাবি করছি।
আমলা ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন বলেন, ‘ছাত্রদলের সভাপতি অনিক কী কারণে জমিরকে মেরেছে সেটা অনিকই ভালো বলতে পারবে। এরসঙ্গে সাংগঠনিক কোনো দোষারোপের কিছু থাকতে পারে না। এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। এ মুহূর্তে এর বেশি কিছু বলতে পারছি না।”
পরিদর্শক আব্দুল আজিজ বলেন, মিটন গ্রামে হাতুড়ি পেটায় জমির উদ্দিনের মৃত্যুর পর কয়েকটি বাড়িঘরে হামলা ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
সেখানকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে জানিয়ে তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।