১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবৈধভাবে তেল মজুদ: মানিকগঞ্জে ২ ব্যবসায়ীকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ পৌরসভার হিজুলি ও সদর উপজেলার রাজিবপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2026, 04:55 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

মানিকগঞ্জে অবৈধভাবে পেট্টোল মজুদ ও অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার হিজুলি ও সদর উপজেলার রাজিবপুর বাজারে অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

রুমেল বলেন, “পৌরসভার হিজুলি বাজারে ‘রিশাদ এন্টারপ্রাইজ’-এর মালিক মো. আরিফুর রহমান আরিফ দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বিক্রি করে আসছেন অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালাই।

“অভিযানে এসে দোকানের পাশের ভুট্টা ক্ষেত থেকে বস্তায় ড্রাম ভর্তি ১৪০ লিটার পেট্রোল পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।”

এছাড়া রাজীবপুর বাজারে ‘মিলন এন্টারপ্রাইজকে’ অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

ভোক্তা অধিকার সংরক্ষণে এই অভিযান অব্যাহত থাকবে বলেও ভোক্তা অধিকারের এ কর্মকর্তা জানিয়েছেন।