নাটোরে চেয়ারম্যানের ছেলেকে কুপিয়ে জখম, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪
“আমার ছেলে এখন রাজশাহী মেডিকেলের চিকিৎসাধীন; তার অবস্থা খুব খারাপ।”
নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সরকারের ছেলে আমজাদ হোসেন সরকারকে কুপিয়ে জখম করা হয়েছে।
এ ঘটনায় চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সরকার নয়জনের নাম উল্লেখ মামলা দায়ের করেছেন।আসামিদের মধ্যে ওই ইনিয়নের এক সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাটোর সদর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, সদরের ছাতনী মাঝদিঘা এলাকায় শনিবার বিকালে এ ঘটনা ঘটে। রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেন তারা।
মাঝদিঘা এলাকার বাসিন্দা আহত আমজাদ হোসেন সরকারের বয়স ৩৪ বছর। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
গ্রেপ্তররা হলেন-ছাতনী ইউনিয়ন পরিষদের সদস্য মাঝদিঘা এলাকার মো. মামুন পাঠান, একই এলাকার সোহানুর রহমান কাজল, রবিউল পাঠান ও মো. আলামিন।
ছাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সরকার বলেন, “আমজাদ দাওয়াত খেয়ে আমার দুই নাতিকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে তার মোটরসাইকেলের গতি রোধ করে ইউপি মেম্বার মামুন পাঠানের লোকজন অতর্কিত হামলা চালায়।
“আমার ছেলে এখন রাজশাহী মেডিকেলের চিকিৎসাধীন; তার অবস্থা খুব খারাপ।”
তোফাজ্জল বলেন, “ছেলেকে কুপিয়ে আহত করার ঘটনায় আমি নয় জনের নাম উল্লেখ মামলা দায়ের করেছি। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।”
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, “মামলার পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।"
