ঝালকাঠিতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত
বড়কৈবর্তখালী গ্রামের সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানান।
ঝালকাঠির রাজাপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়কৈবর্তখালী গ্রামের সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, বরিশাল থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল অটোরিকশাটি। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়।
আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ওসি সুজন বিশ্বাস বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
