Published : 11 Mar 2026, 12:50 PM
নোয়াখালীর হাতিয়ায় এনসিপি-যুবশক্তি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছে।
ঢাকাগামী লঞ্চের কেবিনে এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মঙ্গলবার রাতে উপজেলার সদর ওছখালীতে পাল্টাপাল্টি মিছিলের পর এ মারামারির ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাতিয়া থানার ওসি কবির হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্ষণে জড়িতদের বিচার চেয়ে রাত ৮টার দিকে এনসিপি এবং যুবশক্তি একটি মিছিল বের করে। মিছিলটি হাতিয়ার ওছখালী জিরো পয়েন্টের দিকে যায়। একই সময় বিপরীত দিক থেকে যুবদলের একটি মিছিলও একই স্থানে শেষ হয়।
এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি, পরে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়। তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ওসি কবির হোসেন বলেন, “দুই দল পাল্টাপাল্টি মিছিল বের করলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।”
গত ৮ ফেব্রুয়ারি হাতিয়ার তমরুদ্দি লঞ্চঘাট থেকে ঢাকাগামী ফারহান-৪ লঞ্চে রাজধানীর এক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগীর ভাই।