Published : 14 Nov 2025, 09:50 AM
ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে।
শুক্রবার ভোর ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার মেডলার গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে বলে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম জানিয়েছেন।
তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা আবু সায়েম বলেন, “দুই জন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
“পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে তার আগেই স্থানীয়রা মূল আগুন নিভিয়ে ফেলে।”
এর আগে বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। ওই সময় বাস থেকে নামতে গিয়ে আহত হন চালক।