খাগড়াছড়িতে একে-২২ রাইফেলসহ ইউপিডিএফের তিন সদস্য আটক
আইএসপিআর বলছে, ‘গোলাগুলির’ পর ওই তিনজনকে আটক করা হয়; তাদের একজন ঘাড়ে গুলিবিদ্ধ হয়েছেন।
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের বুদংছড়া এলাকা থেকে একে-২২ রাইফেলসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের তিন সদস্যকে আটকের কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে’ সেনাবাহিনীর একটি দল শনিবার দুপুরে ওই তিনজনকে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার করে।
আটকরা হলেন– ইউপিডিএফের সদস্য সাথোয়াই মারমা (৩২), রনেল চাকমা (২৮) ও সার্চিং মারমা ওরফে রাজু (২২)।
আইএসপিআর বলছে, আটকদের মধ্যে রনেল চাকমা ইউপিডিএফের পোস্ট কালেক্টর। আর সাথোয়াই মারমা অভিযানের সময় ঘাড়ে গুলিবিদ্ধ হয়েছেন।
ঘটনার বিবরণ দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "সেনাবাহিনীর দলটি বুদংছড়া এলাকায় অবস্থান গ্রহণ করে এবং আনুমানিক দুপুর ১২টায় দুটি মোটরসাইকেলযোগে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী ঘটনাস্থল অতিক্রমের চেষ্টা করলে তাদের থামার জন্য চ্যালেঞ্জ করেন। চ্যালেঞ্জ উপেক্ষা করে সশস্ত্র সন্ত্রাসীরা সেনাসদস্যদের লক্ষ্য করে আকস্মিক গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে অভিযানদল তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালায়।"
অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল (ম্যাগাজিনসহ), ছয় রাউন্ড তাজা গুলি, একটি গুলির কার্তুজ এবং আনুষাঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
আহত সাথোয়াই মারমাকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এবং পরে উন্নত চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
