Published : 13 Jan 2026, 03:23 PM
গাইবান্ধায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু হয়েছে। এতে জেলার সাতটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত ২০ কিশোর-কিশোরী অংশ নিয়েছে।
জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ কর্মশালার আয়োজন করেছে।
‘শিশুর চোখ শিশুর গল্প’ প্রতিপাদ্যকে নিয়ে মঙ্গলবার সকালে গাইবান্ধার বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণ উন্নয়ন কেন্দ্রের’ মিলনায়তনে এর উদ্বোধন করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ কে এম হেদায়েতুল ইসলাম।
গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম আব্দুস সালামের সভাপতিত্বে এতে জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহমদ আবীর এবং স্থানীয় পত্রিকা ‘দৈনিক মাধুকর’ এর সম্পাদক কে এম রেজাউল হক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হ্যালোর গাইবান্ধা জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা।
কর্মশালার প্রথম দিন শিশু অধিকার, শিশু শ্রম আইন, জাতিসংঘ শিশু সনদ, শিশুদের মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষক হিসেবে আছেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সমন্বয়ক মো. মনির হোসাইন।