২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে মায়ের অভিযোগে ‘মাদকাসক্ত’ তরুণের কারাদণ্ড

“কোনো মায়ের সন্তান যেন এমন না হয়। সে যদি ভালো হয়ে ফিরে তাহলেই মঙ্গল।”

ময়মনসিংহে মায়ের অভিযোগে ‘মাদকাসক্ত’ তরুণের কারাদণ্ড
ফাহিম হাসান।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2025, 02:30 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

ময়মনসিংহের ফুলপুরে মায়ের অভিযোগে ‘মাদকাসক্ত’ ছেলেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ফুলপুর পৌরসভার গ্রীনরোড এলাকার এক বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম সাদিয়া ইসলাম সীমা এ সাজা দিয়েছেন বলে জানিয়েছেন ফুলপুর থানার ওসি আব্দুল হাদি। 

সাজা পাওয়া ফাহিম হাসান (২৩) ওই এলাকার মৃত আব্দুল্লার ছেলে। 

পরিবারের বরাতে পুলিশ জানায়, ফাহিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বৃহস্পতিবার রাতে ফাহিম মাদকসেবন করে বাসায় ফিরে তার মা ছালমা বেগম ও বোনের কাছে টাকা দাবি করে। কিন্তু তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর শারীরিক নির্যাতন চালায় এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ফাহিম।

ছেলের এমন কাণ্ডে রাত ১০টার দিকে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন ভুক্তভোগী মা। 

পরে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী মা, বোন এবং ভগ্নিপতির জবানবন্দির ভিত্তিতে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় ফাহিমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

ফাহিমের মা ছালমা বেগম বলেন, “ছেলেটার কারণে আমরা অতিষ্ঠ। কোনো ভাবেই আর পারছিলাম না। তাই বাধ্য হয়ে ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছি। 

“কোনো মায়ের সন্তান যেন এমন না হয়। সে যদি ভালো হয়ে ফিরে তাহলেই মঙ্গল।”

ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন, ফাহিম প্রায়ই টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর নির্যাতন করত। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ফাহিমকে ছয় মাসের সাজা দিয়ে থানায় হস্তান্তর করে ভ্রাম্যমাণ আদালত।