Published : 03 Feb 2026, 05:50 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা রাঙামাটির ২১৩ ভোটকেন্দ্রের মধ্যে ২০টি রয়েছে দুর্গম এলাকায়। সেগুলোতে নির্বাচনি সরঞ্জাম ও কর্মীদের আনা-নেওয়ায় হেলিকপ্টার ব্যবহার করা হবে।
রাঙামাটি সিনিয়র জেলা সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান বলেন, “গতবারের চেয়ে এবারে দুটি হেলিসর্টি কেন্দ্র বেড়ে ২০টি হয়েছে। দুর্গম এলাকার এ কেন্দ্রগুলোতে ভোটার রয়েছে প্রায় ৩০ হাজারের বেশি।”
ভোটকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে, জেলার সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়িতে ছয়টি, বরকল উপজেলায় দুটি, জুরাছড়ি উপজেলায় সাতটি এবং বিলাইছড়ি উপজেলায় পাচঁটি।
এসব ভোটকেন্দ্রের বেশিরভাগই মোবাইল নেটওয়ার্কের বাইরে হওয়ায় ভোটের ফল পেতেও দেরি হয়।
জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, রাঙামাটির দশ উপজেলার মধ্যে দুটি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন মিলে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০ আর নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন এবং হিজড়া রয়েছে ২ জন।