বাগেরহাটে পিকআপ ভ্যানে মিলল ৬৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১
“গ্রেপ্তার মানজারুল এই মাদক কুষ্টিয়া থেকে পিরোজপুরে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।”
বাগেরহাটের কচুয়া উপজেলায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
কচুয়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, রোববার রাতে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে ওই যুবককে র্যাব গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ৩৭ বছর বয়সী মো. মানজারুল ইসলাম শিকদার পিরোজপুর সদরের তালিতাখালী গ্রামের হাশেম শিকদারের ছেলে।
এই ঘটনায় র্যাবের পুলিশ পরিদর্শক মো. কুদ্দুস বাদী হয়ে কচুয়া থানায় মানজারুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। সোমবার দুপুরে মানজারুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি শফিকুল ইসলাম বলেন, “মাদকের একটি চালান বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের ওপর দিয়ে যাচ্ছে গোপন সংবাদে র্যাবের একটি দল সাইনবোর্ড এলাকায় অবস্থান নেয়।
“এ সময় পিরোজপুরগামী একটি পিকআপ ভ্যানকে সিগন্যাল দিয়ে দাঁড় করানো হয়। পরে ওই পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।”
এ পুলিশ কর্মকর্তার ভাষ্য, “গ্রেপ্তার মানজারুল এই মাদক কুষ্টিয়া থেকে পিরোজপুরে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।”
