Published : 26 Jul 2026, 07:50 PM
সাতক্ষীরায় হাসপাতাল পরিদর্শনে গিয়ে কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে দুই চিকিৎসক এবং চুরির অভিযোগে এক নৈশপ্রহরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার সকালে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে চিকিৎসক তন্নীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।
একই সঙ্গে চুরির অভিযোগে এক নৈশপ্রহরীকেও বরখাস্ত করা হয়।
পরে মন্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও ওয়াশরুম ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।
সেখানে এক মাসের বেশি সময় ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে চিকিৎসক সোহানা সেলিমকে সাময়িক বরখাস্ত করা হয়।
এরপর স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন শ্যামনগরের কৈখালী এলাকার দৃষ্টিপ্রতিবন্ধী তরুণী শারমিন আক্তারের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাকে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কায়সার আজিজ, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক খুদরত-ই-খুদা ও সিভিল সার্জন আবদুস সালাম উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চাহিদার তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনও কম। দীর্ঘদিন নিয়োগ কম থাকায় স্বাস্থ্য খাতে সংকট তৈরি হয়েছে। এ সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ চলছে। পাশাপাশি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। চিকিৎসকদের নিয়মিত দায়িত্ব পালন ও হাজিরা ব্যবস্থায় শৃঙ্খলা আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার কাজ দ্রুত শুরু হবে। সেখানে আধুনিক ভবনের পাশাপাশি প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, ব্রেস্ট ফিডিং কর্নার ও ট্রমা সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া শিগগিরই স্বাস্থ্য কার্ড কার্যক্রম চালু করা হবে বলেও জানান তিনি।