Published : 10 Apr 2026, 08:35 PM
ঢাকায় বিমানবন্দরে আটক কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াসকে কারাগারে পাঠিয়েছে আদালত। তার বিরুদ্ধে হত্যাসহ ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক মমিনুল ইসলাম কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের পরিদর্শক মামুনুর রশিদ।
কারাগারে যাওয়া পিয়াস (৩৮) কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার আওয়ামী লীগ নেতা প্রয়াত ফয়েজুল্লাহ জালুর ছেলে।
বৃহস্পতিবার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে প্রথমে বিমানবন্দর থানা এবং রাতে কুমিল্লা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পিয়াসের বিরুদ্ধে হত্যাসহ ১১টি মামলা রয়েছে। এর মধ্যে নয়টি মামলা কোতোয়ালি থানায় এবং দুটি সদর দক্ষিণ থানায়।
কোতোয়ালি থানা-পুলিশ জানায়, নয়টি মামলার মধ্যে সাতটিতে পিয়াসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি দুটির মধ্যে একটি ডিবিতে তদন্তাধীন এবং অন্যটির তদন্ত কর্মকর্তা ছুটিতে আছেন। পরে এগুলোতেও তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি সিরাজুল মোস্তফা বলেন, পিয়াসের গ্রেপ্তারের বিষয়টি তারা জেনেছেন। তবে সদর থানার মামলার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।