Published : 05 Nov 2025, 04:37 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলায় নিখোঁজ সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ও বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে হ্নীলা ইউনিয়নের রঙিখালী এলাকার এইচ. কে. আনোয়ার প্রজেক্ট সংলগ্ন প্রধান সড়কের সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর।
লাশ উদ্ধার হওয়া মো. ইউনুছ (৫৫) টেকনাফের সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ইউনুছ আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক।
ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, মঙ্গলবার রাত থেকে ইউনুছ নিখোঁজ ছিলেন। সারারাত খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে বুধবার সকালে স্থানীয়রা ব্রিজের নিচে ছড়ার পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের পরনে প্যান্ট থাকলেও ওপরের অংশে কোনো পোশাক ছিল না।
ওসি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যা বা দুর্ঘটনা দুটির যেকোনো একটি হতে পারে। বিস্তারিত জানতে তদন্ত চলছে।”
ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।