২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত পুলিশ কর্মকর্তা

ঈশ্বরদী থেকে ছেড়ে আসা দর্শনাগামী একটি মালবাহী ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2024, 06:21 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী পুলিশের এক এসআই নিহত হয়েছেন।

শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পোড়াদহ রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক হারুন অর রশিদ মৃধা জানান।

নিহত ৫৬ বছর বয়সী সাহিদুর রহামান সবশেষ মিরপুর থানার মাজিহাট ক্যাম্পের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। 

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (মিরপুর ও ইবি সার্কেল) আব্দুল খালেক বলেন, এক বছর আগে এসআই সাহিদুর মাজিহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে যোগ দেন। তিনি ক্যাম্পের কোয়াটারে থাকতেন। আর তার পরিবার গ্রামের বাড়ি নড়াইল সদর উপজেলার ডোয়াতলা গ্রামে থাকেন।

প্রত্যক্ষদর্শীর জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় দায়িত্ব পালন শেষে মোটরসাইকেল চালিয়ে ক্যাম্পে ফিরছিলেন সাহিদুর রহামান।

পথে একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা দর্শনাগামী একটি মালবাহী ট্রেনের নিচে চলে যায়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের শরীর দুই ভাগ হয়ে যায়।

পোড়াদহ রেলওয়ে থানার পরিদর্শক হারুন অর রশিদ মৃধা বলেন, সাহিদুরের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে রেল পুলিশ। কীভাবে এ দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করছেন তারা।