১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় ‘পাওনা টাকা নিয়ে বিরোধে’ যুবককে কুপিয়ে হত্যা

নিহত আরিফের বিরুদ্ধে থানায় হত্যা, অস্ত্র, ছিনতাই মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।

বগুড়ায় ‘পাওনা টাকা নিয়ে বিরোধে’ যুবককে কুপিয়ে হত্যা
আরিফ শেখ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2026, 02:20 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

বগুড়া মহানগরীতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের দাবি প্রায় ১০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধে তাকে খুন করা হয়েছে।  

শুক্রবার রাত সোয়া ১২টার দিকে মহানগরীর লতিফপুর কলোনি এলাকায় প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী। 

নিহত আরিফ শেখ (৩৫) লতিফপুর কলোনি এলাকার আজিজ শেখের ছেলে।

নিহতের স্বজনদের দাবি, ঘটনার দিন বিকাল থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে খুঁজছিল। পরে গভীর রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে তারা পালিয়ে যায়।

নিহতের বোন রুমি বেগম অভিযোগ করেন, “আমাদের মামা বাদলের কাছে আরিফ ১০ লাখ টাকা পেত। টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে বিরোধ চলছিল। সে জন্য মামা লোক ভাড়া করে সেলিম, জীবন, নাহিদসহ আরও কয়েকজনকে দিয়ে আমার ভাইকে হত্যা করিয়েছে।”

বগুড়া সদর থানার অফিসার ওসি ইব্রাহীম আলী বলেন, রাত ১টার দিকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

আরিফের বিরুদ্ধে থানায় হত্যা, অস্ত্র, ছিনতাই মাদকসহ একাধিক মামলা রয়েছে জানিয়ে ওসি আরও বলেন, হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।