Published : 03 Nov 2024, 06:18 PM
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপের চালক-সহকারীসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
রোববার দুপুর দেড়টার দিকে মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড সংলগ্ন রেলক্রসিং এ ঘটনা ঘটে বলে বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদী মাসুদ জানান।
আহতরা হলেন, নওগাঁ জেলার বদলগাছী এলাকার সহিদুর রহমানের ছেলে বাবর আলী, মশিউরের ছেলে সহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের মুন্সিপাড়ার নূর নবীর ছেলে শামীম, সৈয়দ আলী ও নূর।
তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, রাজশাহী রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জগামী কমিউনিটার ট্রেন কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদ এলাকা দিয়ে পার হচ্ছিল। এ সময় রেল ক্রসিং পার হয়ে উপশহরের দিকে সবুজ রংয়ের
একটি পিকআপ ভ্যান যাচ্ছিল। ট্রেনটি ক্রসিং পার হতে যাওয়া পিকআপকে ধাক্কা দিয়ে একটি হার্ডওয়্যারের দোকানে ঢুকিয়ে দেয়। এতে পিকআপ ভ্যান দুমড়ে-মুচড়ে যায়; দোকানের মালপত্রের ক্ষতি হয়।
পিকআপের চালক, তার সহকারীসহ পাঁচজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে তিনজন হার্ডওয়্যার দোকানের কর্মচারী ও ক্রেতা।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, “এই গেইটে রেলওয়ের পক্ষ থেকে কোনো গেইটম্যান নিয়োগ নাই। নিজ উদ্যোগে আমরা বাঁশ দিয়ে গেইট ফেলার চেষ্টা করি। ট্রেন আসার বিষয়টি জানতে পারলে তাৎক্ষণিক গেইট ফেলা হয়, নইলে অরক্ষিত থাকে। আজ ট্রেনটি পার হওয়ার আগে কোনো হুইসেল দেয়নি। যে কারণে এই দুর্ঘটনাটি ঘটে গেছে।”