০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ‘ছুরিকাঘাতে হত্যার’ পর স্বামীর ‘আত্মহত্যা’

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার পরে উপজেলার বলরাম চক চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 12:37 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

নওগাঁর আত্রাই উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে ‘ছুরিকাঘাতে হত্যার’ পর এক ব্যক্তি ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার পরে উপজেলার বলরাম চক চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ওসি আব্দুল করিম। 

নিহত গৃহবধূ বৃষ্টি সরকার (২৩) এর বাড়ি দিনাজপুর জেলায়, তার স্বামী জয় সরকার (২২) চৌধুরীপাড়া গ্রামের গৌতম সরকারের ছেলে। জয় পৈত্রিক কৃষিকাজের দেখাশোনা করতেন। 

প্রেমের সম্পর্কের জেরে সাড়ে তিন বছর আগে বিয়ে করেন জয় সরকার ও বৃষ্টি সরকার। তাদের মেয়ে জেনি সরকারের বয়স দুই বছর।

পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি আব্দুল করিম বলেন, জয় মাদকসক্ত হয়ে পড়েছিলেন, তা নিয়ে এই দম্পতির পারিবারিক কলহ চলত। এর জের ধরেই বৃহস্পতিবার মধ্যরাতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেন জয়। পরে জেমি সরকারকেও ছুরিকাঘাত করেন এবং নিজে আত্মহত্যার চেষ্টা করেন। 

টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে আত্রাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বৃষ্টি সরকারকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর অবস্থায় বাবা ও মেয়ে জেনিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। 

ঘটনায় পর বৃষ্টির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি আব্দুল করিম।