Published : 13 Mar 2026, 12:37 AM
নোয়াখালীর হাতিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে এক নারীর মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।
নিহত তাজ নাহার (৩২) তমরদ্দি ইউনিয়নের আব্দুল জলিলের মেয়ে। সংসারে তাদের তিন সন্তান রয়েছে।
বৃহস্পতিবার সকালে হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামে এ ঘটনা ঘটে। বিকালে খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
তাজ নাহারের স্বামী মো. মিলন (৩৮) ঘটনার পর পলাতক।
মোরশেদবাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. শহিদ উল্যাহ বলেন, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার ভোরে তাজ নাহারকে পাইপ দিয়ে আঘাত করেন মিলন। এতে তার মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে জ্ঞান হারিয়েন ফেনেন।
“পরে সকাল ৯টার দিকে তাকে স্থানীয় আবু সাঈদ বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়ার পথে মৃত্যু হয়। তখন মিলন পালিয়ে যান। বিকাল ৪টার দিকে ঘটনা জানাজানির পর পুলিশ মরদেহ উদ্ধার করে।”
হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মিলনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।