Published : 22 Aug 2025, 01:16 PM
গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ যাত্রী।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মাওনা-বরমী সড়কের আনসার টেপিরবাড়ী বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিক।
প্রত্যক্ষদর্শীদের বরাতে শ্রীপুর থানার এসআই আবদুল কুদ্দুস বলেন, মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিক বহনকারী লেগুনাটি কারখানায় যাচ্ছিল। ভোরে লেগুনাটি টেপিরবাড়ী বাজার এলাকায় পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই এক নারী নিহত এবং ১২ যাত্রী আহত হন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনাস্থল থেকে নিহত নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত লেগুনাটি থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।