০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় গারো পাহাড়ের অজগর লোকালয়ে

“সকালে গ্রামের বাসিন্দা শামসুল মিয়া বাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরার জন্য জাল ফেললে সাপটি তাতে আটকা পড়ে।”

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 04:44 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

নেত্রকোণার গারো পাহাড় থেকে খাদ্যের সন্ধানে নেমে আসা একটি বড় আকারের অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ।

সোমবার সকাল সোয়া ৭টার দিকে দুর্গাপুর উপজেলার আগাড়পাড়া গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয় বলে দুর্গাপুর রেঞ্জের সদর বিটের ফরেস্ট গার্ড মনোয়ার হোসেন জানান।  

দুর্গাপুর রেঞ্জের সদর বিটের ফরেস্ট গার্ড মনোয়ার হোসেন বলেন, “খাদ্যের সন্ধানে গারো পাহাড় থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ আগাড়পাড়া গ্রামের লোকালয়ে চলে আসে।

“সকালে গ্রামের বাসিন্দা শামসুল মিয়া বাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরার জন্য জাল ফেললে সাপটি তাতে আটকা পড়ে।”

তিনি বলেন, “স্থানীয়রা বিষয়টি বন্যপ্রাণীপ্রেমী আমিন খানকে জানালে তিনি সাপটিকে নিয়ন্ত্রণে নেন এবং বন বিভাগকে অবহিত করেন।

“খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সুস্থ অবস্থায় সাপটি উদ্ধার করেন।”

উদ্ধারের পর অজগরটিকে স্থানীয় নলুয়াপাড়া বনে অবমুক্ত করা হয় বলে জানান বন বিভাগের এ কর্মকর্তারা।