০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ

স্থানীয় লোকজন এগিয়ে এসে মাহদীকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন মাহদী হাসান।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2026, 03:26 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসানের ওপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে এই হামলার খবর পেয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক। 

মাহদী হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আলমগীর হাসান আবিদ বলেন, “মাহদীর ওপর গত কয়েকদিন ধরে ছাত্রদলের নেতাকর্মীরা হামলার চেষ্টা করে আসছিল। গতকালকে (বুধবার) তার ওপর সংঘটিত হামলার ফুটেজ যাচাইয়ের আবেদন নিয়ে আজ (বৃহস্পতিবার) জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে ছাত্রদলের কর্মীরা তাকে এলোপাতাড়ি মারধর করে।”

প্রত্যক্ষদর্শীরা বলেন, আবেদন জমা দিয়ে ফেরার পথে ডিসি অফিস প্রাঙ্গণে তার গতিরোধ করে হামলা চালানো হয়। মাহদী আত্মরক্ষার চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ছাড় দেয়নি। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

গত ১ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে ‘থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা জ্বালাই দিয়েছিলাম’– এমন মন্তব্য করে ওসিকে হুমকি দেওয়ার অভিযোগে উঠেছিল মাহদী হাসানের বিরুদ্ধে।

তার সেই হুমকির ভিডিও নিয়ে দেশব্যাপি আলোচনা-সমালোচনা তৈরি হলে পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে আন্দোলনের মুখে ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই তিনি জামিনে মুক্তি পান।

ওসি জাহিদুল হক বলেন, “মাহদীর ওপর হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা সেখানে যাই। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই।” 

বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে; লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, বলেন তিনি।