Published : 27 Apr 2026, 04:40 PM
‘জিয়া খাল’ পুনঃখননসহ একগুচ্ছ কর্মসূচি সেরে যশোরে জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার বিকাল পৌনে ৫টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের মঞ্চে উঠলে বিএনপি চেয়ারম্যানকে মুহর্মুহু করতালি দিয়ে শুভেচ্ছা জানান সমর্থকরা। এসময় তারেক রহমান হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
বেলা আড়াইটায় সমাবেশের কার্যক্রম শুরু হয়। যশোর শহরের বিভিন্ন ওয়ার্ড ছাড়াও আশপাশের উপজেলাগুলো থেকে নেতা-কর্মী-সমর্থকরা এই সমাবেশে যোগ দিয়েছেন।
মাঠজুড়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের প্রতিকৃতির সঙ্গে রয়েছে দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের ছবি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর যশোরে তারেক রহমানের এটিই প্রথম রাজনৈতিক জনসভা।
এর আগে শার্শায় উলশী খাল পুনঃখনন, হরিনারবিলে পাঁচশ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন এবং দড়াটানায় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজ শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের জনসভায় আসেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস-সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, জনসভা শেষে প্রধানমন্ত্রী আকাশপথে ঢাকায় ফিরবেন।