১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যুর অভিযোগ

“ওই সময় নিচে জমে থাকা পানিতে কয়েকটি ব্যাঙও মারা গেছে।”

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 01:10 PM

Updated : 16 Sep 2026, 05:11 PM

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পল্লী বিদ্যুতের খুঁটির পাশে জমা পানিতে এক কিশোরের লাশ পাওয়া গেছে। স্থানীয়রা বলছে, খুঁটি থেকে মাটিতে টানা আর্থিংয়ের তারে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।

কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, মঙ্গলবার সকালে চরমার্টিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মার্টিন গ্রামের কালু মাঝির বাড়ি সংলগ্ন এলাকার জমা পানি থেকে তার মরদেহ স্থানীয়রা উদ্ধার করে।

নিহত ১৫ বছরের কিশোর মো. নাইম ওই এলাকার মো. ইলিয়াসের ছেলে এবং স্থানীয় একটি খাবার হোটেলের কর্মচারী ছিল।

মার্টিন গ্রামের আব্দুল মান্নান বলেন, “পল্লী বিদ্যুতের খুঁটি থেকে মাটিতে টানা আর্থিংয়ের তারে তার বিদ্যুতায়িত হয়ে থাকায় নাইম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। ওই সময় নিচে জমে থাকা পানিতে কয়েকটি ব্যাঙও মারা গেছে।”

ইসমাইল হোসেন নামের আরেকজন বলেন, রাতে কর্মস্থল স্থানীয় একটি খাবার হোটেল থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয় নাইম। তবে সে আর বাড়ি ফেরেনি। সকালে বাড়ির পাশে বৈদ্যুতিক খুঁটির কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে কমলনগর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রাশেদুল ইসলাম বলেন, “খবর পেয়ে প্রকৌশলীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সাধারণত এ ধরনের ঘটনায় বৈদ্যুতিক ট্রান্সফরমারে সমস্যা হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কিন্তু এ ক্ষেত্রে তা হয়নি।”

তিনি বলেন, “কোথাও গাছের ডাল বিদ্যুতের তারের ওপর পড়ে এ সমস্যা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছেন প্রকৌশলীরা।” 

ওসি ফরিদুল বলছেন, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।