Published : 05 Jun 2026, 05:19 PM
দিনাজপুর শহরে এতিম-ছিন্নমূল শিশুদের পুর্নবাসন ও শিক্ষা নিয়ে কর্মকাণ্ড চালানো একটি বেসরকারি সংস্থার আবাসন থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় শহরের নিমনগর বালুবাড়ী এলাকায় ‘দ্বীপ্তি ফাউন্ডেশনের’ স্টোররুম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতয়ালী থানার পরিদর্শক আব্দুর রাজ্জাক।
হাউজ অফ হোপ প্রজেক্ট পরিচালিত ‘দ্বীপ্তি ফাউন্ডেশনের’ কার্যালয়টিতে সংস্থাটির তত্ত্বাবধানে ১৭ জন এতিম-ছিন্নমূল শিশু-কিশোরী বসবাস করে। ১৬ বছর বয়সী শিউলিও সেখানে থাকত।
শুক্রবার সকালে নাস্তার টেবিলে শিউলির অনুপস্থিতি দেখে খোঁজাখুজির এক পর্যায়ে প্রতিষ্ঠানের স্টোর রুমে গলায় ওড়না পেচানো ঝুলন্ত মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক হান্না রায়।
ঘটনাস্থলে শিউলির হাতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে বলেও জানান তিনি। যেখানে লেখা ছিল “আন্টি সরি আমি নিজেকে আর রাখতে পারলাম না, আমার কারনে অকারনে বকাঝকা ভালো লাগেনা।”
দ্বীপ্তি ফাউন্ডেশনের বরাতে পুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ছোটবেলায় শিউলিকে দত্তক নিয়েছিল ঢাকায় সেলুনে কাজ করা এক ব্যক্তি। তিনি পরে শিশুটিকে গাজীপুরের সেফা ইন্সস্টিটিউটে হস্তান্তর করেন। পরে সেখান থেকে ২০২৫ সালের ৩ জুলাই শিউলিকে দ্বীপ্তি ফাউন্ডেশনে নিয়ে আসা হয়।
দ্বীপ্তি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক হান্না রায় বলেন, “আমার এতিম-ছিন্নমূল শিশুদের সরকারি ভোকেশনাল ইন্সস্টিটিউটের মাধ্যমে শিক্ষাপ্রদান করি। পাশাপাশি বিভিন্ন হস্তশিল্প প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করার চেষ্টা করি।
“লেখাপড়া করানোর জন্য সেফা ইন্সস্টিটিউটের শিক্ষক রুমি আক্তার শিউলিকে এখানে নিয়ে আসেন। কিন্তু শিউলির জন্ম নিবন্ধন না থাকায় তাকে স্কুলে ভর্তি করানো যাচ্ছিল না।”
তিনি আরও বলেন, “জন্ম নিবন্ধনের চেষ্টা করে আমরা ব্যর্থ হলে পরবর্তীতে রুমি আক্তারের সঙ্গেও যোগাযোগ করা হয়। তারাও চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। এই বিষয়টি নিয়ে শিউলি খুব বিষণ্ণতায় ভুগছিল।”
চিরকুটের লেখা ‘বকাঝকা’র বিষয়ে হান্না রায় বলেন, “এখানে সেভাবে শিশুদের বকাঝকা করা হয় না, তবে এতোগুলো শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে হয়তো দ্বায়িত্বরতরা কিছুটা শাসন করেন।”
পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১টার দিকে সুরতহাল শেষে মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।