১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে গরু চোর সন্দেহে পিটুনিতে নিহত ১

আট চোরকে আটকে গণপিটুনি দিয়ে রাস্তায় ফেলে রাখে। পরে পুলিশ তাদের উদ্ধার করে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2025, 05:23 PM

Updated : 26 Aug 2026, 05:42 PM

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গরু চুরির অভিযোগে পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও সাত জন।

মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজীবাগ গ্রামে এ ঘটনা ঘটে বলে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান।

নিহত ৪২ বছর বয়সী শামিম মিয়া মুকসুদপুর উপজেলার ফুলারপাড় গ্রামের মুন্নু মিয়ার ছেলে।

তার লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি মোস্তফা কামাল বলেন, “ভোর ৩টার দিকে মুকসুদপুর উপজেলার লখাইড়চর গ্রামের ঝিল্লু কাজীর বসত বাড়ির গোয়াল ঘর থেকে একটি গাভী ও একটি বাছুর চুরি করে ট্রাকে নিয়ে পালিয়ে যেতে থাকে আট সদস্যের একটি গরু চোর চক্র।

“এ সময় ট্রাকটি উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজীবাগ গ্রামে পৌঁছালে স্থানীদের সন্দেহ হয়। আট চোরকে আটকে গণপিটুনি দিয়ে রাস্তায় ফেলে রাখে। খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।”

সেখানে গরু চোর শামিমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ওসি বলেন, মারাত্মক আহত সাত গরু চোর লিটন, সুমন হাওলাদার, ইলিয়াছ সরদার, ফারুক শেখ, সোহাগ, বিপ্লব সরকার ও ফয়সাল মিয়াকে পুলিশী পাহারায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।