Published : 30 Mar 2026, 07:52 PM
অনুমোদিত নকশা অমান্য করে নির্মিত স্থাপনা অপসারণে ভবনের সামনে নোটিস ঝুলিয়ে দিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন। এ ছাড়া ভবনের বর্ধিত অংশ অপসারণে সাত দিন সময় বেঁধে দেওয়া হয়। বিষয়টিকে স্বাগত জানিয়েছে নাগরিক সমাজ।
নির্ধারিত সময়সীমা অতিক্রমের পর সোমবার দুপুরে এসব স্থাপনা পরিদর্শন করে নোটিস টানানো হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকন উজ্জামান সরকার।
সিটি করপোরেশনের তথ্যমতে, আগে একাধিকবার নোটিস প্রদান করে অবৈধ নির্মাণ অপসারণ এবং পার্কিং স্থান বাণিজ্যিকভাবে ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ভবন মালিকরা নির্দেশ অমান্য করায় এবার সরাসরি ভবনের সামনে নোটিস টাঙানো হলো।
তথ্য অনুযায়ী, নগরের নতুন বাজার টপটেন ভবন ২০১৪ সালে তৎকালীন ময়মনসিংহ পৌরসভা থেকে বেইজমেন্টসহ ১১ তলা ভবন নির্মাণের অনুমোদন নেওয়া হয়। কিন্তু পরবর্তীতে আবাসিক ভবনের অনুমোদন নিয়ে পার্কিংয়ের জায়গায় মার্কেট নির্মাণ করে তা বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হচ্ছে; যা অনুমোদিত নকশার পরিপন্থি।

এ ছাড়া নগরের চরপাড়া মাকরজানি খালের ওপর অবৈধভাবে নির্মিত বেসরকারি ইউনিয়ন হাসপাতালের কিছু অংশ খালের স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে। সেটি পরিদর্শনে গিয়ে সিটি করপোরেশনের প্রশাসক সাত দিনের মধ্যে খালের ওপর পড়া অংশ অপসারণের নির্দেশ দেন।
সুশাসনের জন্য নাগরিক-সুজন এর ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ বলেন, “সময় উপযোগী সিটি করপোরেশনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানাই। এক্ষেত্রে সিটি করপোরেশনের কঠোরতায় পারে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে।”
সিটি করপোরেশনের প্রশাসক রোকন উজ্জামান সরকার বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নোটিসের পরও যদি কেউ নির্দেশ না মানে, তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভবনের অবৈধ অংশ ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।
নগরের ইউনিয়ন হাসপাতাল, গার্ডেন সিটি ও ইউনাইটেড গার্ডেন বিল্ডার্সের দুটি ভবনসহ মোট চারটি স্থাপনার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানান তিনি।
সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস বলেন, “এর আগেও নোটিস দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা উপেক্ষা করে। এবার প্রশাসকের নির্দেশে এবার সরাসরি নোটিস টাঙানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”