১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জীবননগর সীমান্তে বিজিবির বাধায় পুশ-ইনের চেষ্টা থেকে সরে এল বিএসএফ

“বিজিবির বাধার মুখে ওই তিনজন সীমান্তের শূন্যরেখা থেকে সরে গিয়ে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন।”

জীবননগর সীমান্তে বিজিবির বাধায় পুশ-ইনের চেষ্টা থেকে সরে এল বিএসএফ
ফাইল ছবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 01:44 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে তাদের ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ।

রোববার ভোরে মাধবখালী সীমান্তে এ ঘটনা ঘটে বলে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন,“শনিবার রাত ৩টা ১০ মিনিটের দিকে মাধবখালী সীমান্তের ৭০/২-এস সীমান্ত পিলার-সংলগ্ন গেট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা তিনজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে।

“এ সময় বিজিবির মাধবখালী বিওপির টহলদল বিষয়টি টের পেয়ে শূন্যরেখা থেকেই তাদের বাংলাদেশে ঢুকতে বাধা দেয়। বিজিবির বাধার মুখে ওই তিনজন সীমান্তের শূন্যরেখা থেকে সরে গিয়ে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন।”

পরে ভোর ৫টা ২০ মিনিটের দিকে তারা ভারতের কাঁটাতারের কাছে ফিরে যায়। রোববার সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ৬৮/৫-এস-সংলগ্ন গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যান বলে জানান ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর। 

তিনি বলেন, “বিজিবির তাৎক্ষণিক ও দৃঢ় তৎপরতার ফলে বিএসএফ কর্তৃক অবৈধ পুশ-ইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে।”