২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কুমিল্লা: নির্বাচনি দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য

বুধবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ১ হাজার ৪৯১টি কেন্দ্রে ভোটের বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 06:41 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসারসহ মোট ২৬ হাজার ৩৩৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান মঙ্গলবার বিকালে কুমিল্লা পুলিশ লাইন্সে পুলিশ ও এপিবিএন সদস্যদের ব্রিফিংয়ে এ কথা জানান।

আনিসুজ্জামান বলেন, কুমিল্লা জেলায় ৩ হাজার ৯৭৯ জন পুলিশ জন ছাড়াও ২ হাজার ৪০ সেনাবাহিনীর সদস্য, ৪০০ জন বিজিবি ও ১৯ হাজার ৩৮৩ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

এ সময় তিনি সব পুলিশ সদস্যদের পুরনো দুর্নাম ঘুচানোর আহ্বান করে বলেন, “দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা যেন সব সময় বডি ওন ক্যামেরা চালু রাখেন এবং যেকোনো অভিযোগ ও অনুযোগের বিষয়ে যেন প্রিজাইডিং অফিসারকে অবহিত করেন।”

এছাড়া মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে কুমিল্লা শহরের বিভিন্নস্থানে মহড়া দিয়েছে সেনাবাহিনী।

বিকালে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকা থেকে শুরু করে কান্দিরপাড়, প্রেসক্লাব, ফৌজদারি, পুলিশ লাইনসহ বিভিন্ন সড়কে মহড়া হয়। এর আগে বিভিন্ন উপজেলার পৃথক পৃথক কেন্দ্রগুলোতে সেনাবাহিনী তাদের নিরাপত্তা মহড়া প্রদর্শন করে।

এসব মহড়ায় কেন্দ্র নিরাপত্তা, ভোটারদের ভোটগ্রহণ এবং বাড়ি ফিরে যাওয়ার নিরাপত্তা, কেন্দ্রের আশেপাশের এলাকাগুলো থেকে নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্তি এবং যেকোনো অপ্রীতিকর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত সাড়া দেওয়ার পদ্ধতি দেখানো হয়।

এদিকে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ভোটের দিনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে, ৭৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ২৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫৫ প্লাটুন সেনাবাহিনী, বিজিবি ৩৯ প্লাটুন, র‌্যাবের ২৪টি মোবাইল টিমসহ শুধুমাত্র ভোটকেন্দ্রের জন্য ৩ হাজার ৯৭৯ জন পুলিশ ও বিপুল পরিমাণ আনসার-ভিডিপি বাহিনী কাজ করবে বলে জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান।

তিনি বলেন, বুধবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলার ১১টি আসনের ১৭টি উপজেলার সহকারী রিটার্নং কর্মকর্তার কার্যালয় থেকে ১ হাজার ৪৯১টি কেন্দ্রে ভোটের বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে।

কুমিল্লার ১১টি আসনে আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ ৭৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইতোমধ্যে তাদের দায়িত্বপূর্ণ এলাকায় রয়েছেন বলেও জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান।