০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অনলাইনে ইলিশ বিক্রির নামে গ্রাহকের অর্থ আদায়, গ্রেপ্তার ২

চাঁদপুর থেকে একজন এবং নড়াইলের কালিয়া থেকে অন্যজনকে গ্রেপ্তার করে ডিবি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2026, 08:20 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে গ্রাহকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। 

এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড ও ৬০ হাজার টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম ও চাঁদপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান।

গ্রেপ্তাররা হলেন- মো. হাবিবুর রহমান ওরফে সাজিদ হেদায়েত হুজুর (৪১) এবং মো. রকিবুল হাসান নয়ন ওরফে রাব্বী ও রাব্বী শরীফ (৩৬)।

শুক্রবার বিকালে লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, চাঁদপুরের ডিবি পুলিশের একটি দল কালিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে প্রথমে হাবিবুর রহমান এবং পরে রকিবুল হাসান নয়নকে গ্রেপ্তার করে। 

পুলিশ জানায়, চাঁদপুর সদর মডেল থানায় করা সাধারণ ডায়েরি ও বিভিন্ন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রটির সন্ধান পাওয়া যায়। চক্রটি ফেইসবুকের বিভিন্ন পেইজ থেকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিত। 

পরে পণ্য সরবরাহের কথা বলে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে ক্রেতাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করত। প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তারদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রে অপরিচিত ব্যক্তি বা ফেইসবুক পেইজে লেনদেনের আগে যথাযথ যাচাই-বাছাই করার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার।