২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

চিকিৎসার কথা বলে ধর্ষণ: মেহেরপুরে কবিরাজের যাবজ্জীবন

সাজার পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 06:32 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

সন্তান লাভের আশায় শরণাপন্ন এক নারীকে চিকিৎসার নামে ধর্ষণের দায়ে মেহেরপুরে এক কবিরাজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মুজা শেখ ওরফে মুজা কবিরাজ (৬০) মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের শেখপাড়ার হযরত আলীর ছেলে।

সাজার পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মামলার বিবরণে বলা হয়, ২০২১ সালের ৩ মার্চ চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার বুইচিতলা মাঝপাড়া গ্রামের এক নিঃসন্তান দম্পতি সন্তান লাভের আশায় কবিরাজি চিকিৎসা নিতে মেহেরপুরের পিরোজপুরে যান। সেখানে চিকিৎসার কথা বলে কবিরাজ মুজা শেখ

ওই দম্পতিকে একটি কক্ষে নিয়ে যান। এক পর্যায়ে ওষুধ দেওয়ার নাম করে স্বামীকে অজ্ঞান করে তিনি গৃহবধূকে ধর্ষণ করেন।

ঘটনার পরদিনই ভুক্তভোগী দম্পতি মেহেরপুর সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগের সত্যতা পেয়ে ২০২১ সালের ১৯ নভেম্বর মুজা কবিরাজের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মিয়াজান আলী।

রায় প্রসঙ্গে পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, “নিঃসন্তান এক গৃহবধূ চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার হন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এই মামলায় চূড়ান্ত রায় দিয়েছেন। এই রায়ের মাধ্যমে সমাজে ধর্ষণের মতো জঘন্য অপরাধ কমবে বলে আমি আশাবাদী।”