২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মাদারীপুরে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

“হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়েছিল।”

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 04:40 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

মাদারীপুরের শিবচরে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শিবচর পৌর এলাকার যাদুয়ারচর গ্রামের ময়নাকাটা নদীতে বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি রকিবুল ইসলাম জানিয়েছেন।   

মৃত ছয় বছর বয়সী মো. আলিফ সর্দার যাদুয়ারচর গ্রামের বিপ্লব সর্দারের ছেলে ও স্থানীয় আল কারীম ইসলামী কিন্ডারগার্টেনের নার্সারি ক্লাসের ছাত্র ছিল।  

শিশুটির পরিবারের বরাতে ওসি রকিবুল বলেন, “সকালে আলিফ স্কুল ছুটি শেষে বাড়িতে আসে। পরে নাস্তা খেয়ে বন্ধুদের সঙ্গে বড়শি নিয়ে ময়নাকাটা নদীতে মাছ ধরতে যায়। এ সময় পা পিছলে আলিফ পানিতে পড়ে গেলে বন্ধুরা দৌড়ে গিয়ে বাড়ির লোকজনকে খবর দেয়।

“পরে স্থানীয় লোকজন আলিফকে পানির তল থেকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক এম এ আজাদ বলেন, “বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে আমরা শিশুটিকে মৃত ঘোষণা করি। হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়েছে।”