২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে মোটরসাইকেল-রিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

সড়কে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত রিকশা ঘুরিয়ে নেওয়ার সময় সংঘর্ষ হয়। এতে রিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়।

চাঁদপুরে মোটরসাইকেল-রিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩
চাঁদপুর শহরে সংঘর্ষে ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2025, 09:47 AM

Updated : 26 Aug 2026, 12:45 PM

চাঁদপুর শহরে দ্রুতগামী মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই পথচারীসহ তিনজন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের চেয়ারম্যানঘাট জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।

নিহতরা হলেন, নাটোর জেলা বাসিন্দা ও রিকশাচালক মো. ইছা (৩৫) এবং চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার মো. সমুদ্র মাল (২৪)। সমুদ্র  ওই এলাকার মাল বাড়ির মো. মনির মালের ছেলে। তিনি চাঁদপুর পৌর ১৪নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য। 

চাঁদপুর শহরে সংঘর্ষে ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়।

চাঁদপুর শহরে সংঘর্ষে ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়।

আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী মো. রাকিব (২৭), পথচারী মো. আফজাল (২৬) ও মো. ফাহাদ (১৮)। তারা শহর এলাকার বাসিন্দা।

ওসি বাহার মিয়া বলেন, সমুদ্র ও রাকিব শহর থেকে ব্যক্তিগত কাজ সেরে মোটরসাইকেলে বাবুরহাটে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে জেলা প্রশাসক কার্যালয় এলাকার সড়কে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত রিকশা ঘুরিয়ে নেওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। 

এতে রিকশা ও মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান দুজন, আহত হন তিন জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় দুই মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার বাসিন্দা মো. সমুদ্র মাল। 

চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার বাসিন্দা মো. সমুদ্র মাল।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক বেলায়েত হোসাইন বলেন, হাসপাতালে নিয়ে আসা পাঁচজনের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পেয়েছি। শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে। 

অপর তিনজনের মধ্যে গুরুতর আহত রাকিব ও ফাহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

ওসি বাহার মিয়া বলেন, মরদেহ দুটির সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্ত এবং আইনী ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। নিহত অটোরিকশা চালক ইছার স্বজনদের থানায় আসতে খবর পাঠিয়েছি।